মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন, ক্ষুব্ধ পরিবার
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় এবং ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের পরও লিওনেল মেসিকে দেখা গিয়েছিল আবেগপ্রবণ হয়ে কাঁদতে। মাঠের সেই দৃশ্য নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। বিশেষ করে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে খবর বের হয় যে, মেসির বাবা জর্জ মেসির অসুস্থতার কারণেই ম্যাচ শেষে কেঁদে ফেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরণের জল্পনা-কল্পনা শুরু হয়। অবশেষে এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মেসির পরিবার।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেসির পরিবার জর্জ মেসির বর্তমান শারীরিক অবস্থা ও পুরো বিষয়টি নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, মেসির বাবা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও পরিবার নিশ্চিত করেছে।
তবে বাবার অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর ও গুঞ্জন নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে মেসির পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক ঘণ্টায় যেভাবে একটি ব্যক্তিগত পারিবারিক বিষয়কে অসংবেদনশীল ও অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। গোপনীয়তার তোয়াক্কা না করে যেভাবে খবর প্রচার করা হচ্ছে, তা আমাদের মর্মাহত করেছে।’
মেসির পরিবার আরও স্পষ্ট করে জানিয়ে দেয়, জর্জ মেসির প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে কেবল নিকটাত্মীয়রাই সঠিক তথ্য জানেন। তাই যাচাই-বাছাই না করে এসব গুঞ্জন না ছড়ানোর জন্য গণমাধ্যম ও সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন মানুষের স্বাস্থ্য এবং পরিবারের মানসিক শান্তি যেন কোনো দায়িত্বজ্ঞানহীন খবরের বিষয়বস্তু না হয়। এই সময়ে আমরা সবার কাছে দায়িত্বশীলতা, সংযম এবং মানবিকতা আশা করছি।’
এদিকে, ব্যক্তিগত এই চাপের মধ্যেই মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান।

স্পোর্টস ডেস্ক