ব্রাজিলকে টেক্কা দেওয়া ম্যাচে জয়ের আক্ষেপ বেনশারিফার
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে দুর্দান্ত চমক দেখিয়েছে মরক্কো। এই ম্যাচ নিয়ে কথা বলেছেন মরক্কোর সাবেক ফুটবলার, মোহনবাগান ক্লাবের প্রাক্তন কোচ এবং একসময় মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকা করিম বেনশারিফা। বর্তমানে তিনি সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ শেষ করে মোনাকোতে অবস্থান করছেন। ব্রাজিলের বিরুদ্ধে মরক্কোর পারফরম্যান্স নিয়ে হোয়াটসঅ্যাপে করিম বেনশারিফার সাক্ষাৎকার নিয়েছেন মনিরুল ইসলাম।
এনটিভি অনলাইন: আপনি কেমন আছেন? এখন কোথায় আছেন এবং বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
করিম বেনশারিফা: আমি ভালো আছি। সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার তিন বছরের চুক্তি ২০২৬ সালের এপ্রিলে শেষ হয়েছে। সেখানে দারুণ সময় কেটেছে। এখন আমি মোনাকোতে বিশ্রামে আছি। ভবিষ্যতের নতুন সুযোগের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এনটিভি অনলাইন: মরক্কোর সাবেক ফুটবলার হিসেবে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১-১ গোলে ড্র করা ম্যাচটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
করিম বেনশারিফা: দারুণ পারফরম্যান্স ছিল। মরক্কো খুব ভালো ফুটবল খেলেছে। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স নজর কাড়ার মতো। যার মধ্যে ম্যাচসেরার পুরস্কার পাওয়া বোয়াদ্দি অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন ম্যাচ খেলা সত্যিই বিশেষ কিছু। ফলাফল ১-১ ড্র হলেও, সুযোগগুলো বিবেচনা করলে আমাদের জয় পাওয়াও সম্ভব ছিল।
এনটিভি অনলাইন: আজকের ম্যাচে কি মরক্কোই বেশি ভালো এবং আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে?
করিম বেনশারিফা: হ্যাঁ, আমরা ব্রাজিলের সঙ্গে সমানভাবে খেলেছি এবং কিছু সময় তাদের ওপর আধিপত্যও করেছি।
এনটিভি অনলাইন: ব্রাজিলের মতো দলের বিপক্ষে মরক্কোর সবচেয়ে বড় শক্তি কী ছিল?
করিম বেনশারিফা: আমি পছন্দ করেছি আমরা যেভাবে বল তৈরি করেছি এবং দখলে রেখেছি। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ছিল। মাঝমাঠ ও আক্রমণে ভালো গতিশীলতা ছিল। আমরা হাই-প্রেস করেছি এবং ব্রাজিলকে স্বাভাবিক খেলা খেলতে দিইনি। তবে ডান পাশে হাকিমি ওপরে উঠলে জায়গা ফাঁকা হয়ে যাচ্ছিল। সেটাই ভিনিসিয়াসের কারণে বড় হুমকি হয়ে উঠেছিল। সবমিলিয়ে এটি ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স।
এনটিভি অনলাইন: তরুণ প্রতিভা আয়ুব বোয়াদ্দির পারফরম্যান্স আপনাকে কতটা মুগ্ধ করেছে? তার ভবিষ্যৎ কীভাবে দেখছেন?
করিম বেনশারিফা: সে মাঝমাঠে অনেক শক্তি ও মান যোগ করেছে। ভালো ড্রিবল করতে পারে, সহজভাবে খেলে, সবসময় পাস নেওয়ার জন্য প্রস্তুত থাকে। তার ভিশন ও স্ক্যানিং খুব ভালো। সে খুবই বুদ্ধিমান খেলোয়াড়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি তাকে বিশ্বকাপের পরই বড় ক্লাবে দেখছি।
এনটিভি অনলাইন: ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর পর কি মরক্কো আরও পরিণত দল?
করিম বেনশারিফা: এটি সময় দিয়ে বিচার করতে হবে। দলটি উন্নতি করছে এবং অভিজ্ঞতা অর্জন করছে। তবে আরও ধারাবাহিকতা দরকার।
এনটিভি অনলাইন: শেষ প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে মরক্কো কতদূর যেতে পারে?
করিম বেনশারিফা: এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে। তবে চোট, রেফারির সিদ্ধান্তসহ অনেক বিষয় নির্ধারণ করবে তারা কতদূর যেতে পারবে। মরক্কোর এই পারফরম্যান্স শুধু একটি ড্র নয়। বরং বড় দলের বিপক্ষে সমান তালে লড়াই করার শক্ত বার্তা।

ক্রীড়া প্রতিবেদক