পরিসংখ্যানে কারা এগিয়ে, ব্রাজিল নাকি মরক্কো?
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে আরও দুই দিন আগে। তবে এখনো মাঠে গড়ায়নি কোনো হাইভোল্টেজ ম্যাচ। ব্রাজিল-মরক্কো ম্যাচ দিয়ে সেই অপেক্ষাও ফুরোচ্ছে। ‘সি’ গ্রুপের এবং এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের দুই দেশ।
আজ রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল আর মরক্কো।
রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার তাদের লক্ষ্য ষষ্ঠ শিরোপা। বিপরীতে, আফ্রিকার দেশটির লক্ষ্য ২০২২ বিশ্বকাপের সেই রূপকথার মতো সাফল্য ধরে রাখা।
বিশ্বকাপের মঞ্চে এর আগেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর মরক্কো। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা হয়েছিল তাদের। এর আগে-পরে মিলিয়ে প্রীতি ম্যাচে দেখা হয়েছে আরও দুইবার। এখন প্রশ্ন হলো, দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কারা।
সেই পরিসংখ্যান অবশ্য কথা বলছে ব্রাজিলের পক্ষেই। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে রোনালদো ও রিভালদোর নৈপুণ্যে ৩-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।
দুই দলের সবমিলিয়ে প্রথম দেখা হয়েছিল ১৯৯৭ সালে। বেলেমে সেই প্রীতি ম্যাচে দেনিলসনের গোলে ২-০ তে জিতেছিল ব্রাজিল। সর্বশেষ দেখায় অবশ্য জয় পেয়েছে মরক্কো। ২০২৩ সালে প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।
সবমিলিয়ে পরিসংখ্যানে, ৩ ম্যাচে ২ জয় ব্রাজিলের। আর এক জয় মরক্কোর। অন্যদিকে, বিশ্বকাপে এক দেখায় শতভাগ জয় ব্রাজিলের।

স্পোর্টস ডেস্ক