বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে গেল মেক্সিকো
২০১০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনে আবারও ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে স্বাগতিকরা। সেটার ফলাফলও পেয়েছে তারা। এগিয়ে থেকে বিরতিতে গেছে মেক্সিকো।
আজ শুক্রবার (১২ জুন) মেক্সিকো সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস বাঁধা হয়ে না দাঁড়ালে বাড়তে পারত এই ব্যবধান।
ম্যাচে অনেকটা একছত্র আধিপত্য দেখিয়েছে মেক্সিকো। প্রথমার্ধ শেষে ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়েছে তারা। যার ২টি লক্ষ্যে ছিল। বিপরীতে, গোলের জন্য মাত্র ২টি শট নিতে পারে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে লক্ষ্যে ছিল একটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মেক্সিকো। একের পর এক আক্রমণে তারা দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে চাপে রাখে। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিলেন রাউল হিমেনেস। তবে দারুণ সেভে সে যাত্রায় দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।
চার মিনিট পরে তিনি আর দলকে বাঁচাতে পারেননি উইলিয়ামস। ম্যাচের নবম মিনিটে গোল করে মেক্সিকোকে লিড এনে দেন হুলিয়ান কুইনোনেস। এই গোলেই তিনি ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান।
দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভুল করে বসে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল পেয়ে যান কুইনোনেস। তিনি দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষকের ফাঁক দিয়ে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন। সঙ্গে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে। স্বাগতিক দর্শকেরা আনন্দে ভেসে মেতে ওঠেন।
গোল পেয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকো। কয়েক দফা আক্রমণ হানে দক্ষিণ আফ্রিকার রক্ষণে। গোলের জন্য শটও নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক