বিশ্বকাপ জিতলে কী করবেন, জানালেন ইয়ামাল
প্রতিবার বিশ্বকাপে চোখ থাকে তরুণ কয়েকজন তারকার ওপর। এবার তেমনই একজন লামিনে ইয়ামাল। স্পেনের বিস্ময়বালক নিজ দলের অন্যতম তুরুপের তাস। ১৮ বছর বয়সী ইয়ামালের মাঝে অনেকেই দেখেন লিওনেল মেসির ছায়া।
বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের এই তরুণ দিলেন অভিনব এক ঘোষণা। তিনি জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদযাপনের অংশ হিসেবে ভক্তেদের ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়ামাল।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল জানান, বিশ্বকাপ শিরোপা জিততে পারলে তিনি এই প্রতিশ্রুতি পূরণ করবেন।
বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ২০২৪ ইউরো জয়ের স্মৃতি তুলে ধরেন। ইয়ামালের মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা স্বাভাবিক। তবে শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ রাখতে হয় বলে মন্তব্য করেন তিনি।
গত এপ্রিল থেকে হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা বার্সেলোনার এই উইঙ্গারকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল স্পেন। তবে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আশাবাদী। বিশ্বকাপের শুরু থেকেই ইয়ামালকে পাবেন বলে বিশ্বাস তার। আগামী ১৫ জুন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের যাত্রা।
লা ফুয়েন্তে বলেন, ‘যদি আগামী কয়েকদিনে নতুন কোনো সমস্যা তৈরি না হয়, তবে আমরা আশা করছি ১৫ তারিখের ম্যাচে ইয়ামালকে রাখা হবে। সে খেলার মতো অবস্থায় থাকবে বলেই আমার বিশ্বাস।’

স্পোর্টস ডেস্ক