‘রোনালদো না খেললেই পর্তুগাল সবচেয়ে ভালো খেলে’
আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা ও উত্তেজনা এখন তুঙ্গে। আর এই মেগা আসরকে সামনে রেখে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা— লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ফুটবলপ্রেমীদের জন্য এবারের বিশ্বকাপটি অত্যন্ত আবেগের। কারণ, ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে ইতিহাসের অন্যতম সেরা এই দুই ফুটবলারকে একসঙ্গে দেখার সম্ভবত এটাই শেষ সুযোগ। আর তাই বিশ্বকাপ শুরুর আগেই ভক্তদের মনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— নিজেদের শেষ বিশ্বকাপে কতদূর যেতে পারবেন এই দুই সুপারস্টার?
আর্জেন্টিনা এবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখে ট্রফি ধরে রাখার মিশনে মাঠে নামবে। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এখনও তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফির খোঁজে রয়েছে। রোনালদোকে ঘিরেই সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় দেশটির কোটি কোটি সমর্থক।
আসন্ন বিশ্বকাপে এই দুই মহাতারকার মধ্যে কার দল বেশি শক্তিশালী এবং কে সুবিধাজনক অবস্থানে আছেন, তা নিয়ে ফুটবল বিশ্লেষকরা মাসের পর মাস ধরে চুলচেরা বিশ্লেষণ করছেন। তবে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা স্ট্রাইকার টেলর টুয়েলম্যানের মতে, এই প্রশ্নের উত্তর একদম পরিষ্কার।
আমেরিকান ক্লাব নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সাবেক ফরোয়ার্ড টেলর টুয়েলম্যান মনে করেন, পর্তুগাল এবার তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে।
মেজর লিগ সকারের (এমএলএস) সাবেক এই শীর্ষ তারকার মতে, বর্তমান পর্তুগাল দল এতটাই সম্পূর্ণ যে, আগের টুর্নামেন্টগুলোর মতো এবার রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভর করার কোনো প্রয়োজনই নেই।
রোনালদোকে নিয়ে একটি সাহসী ও বিস্ফোরক মন্তব্য করে টুয়েলম্যান বলেন, ‘পর্তুগাল দলের শক্তির গভীরতা নিয়ে আমি একটি বড় মন্তব্য করতে চাই। ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো ক্যারিয়ারে বিশ্বকাপে কখনও এত চমৎকার ও গোছানো দল পাননি। এবারের স্কোয়াডটিই তার পাওয়া সেরা দল। তবে আমার মনে হয়, সে যদি না খেলে, তবেই পর্তুগাল সবচেয়ে ভালো খেলে।’

স্পোর্টস ডেস্ক