খেলা হলে ওভার কমবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে
অনিশ্চয়তার মেঘে ঢেকে আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের আকাশে বৃষ্টির আধিপত্য চলছে। আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় খেলা শুরুর কথা থাকলেও হয়নি টস। শঙ্কা আছে ম্যাচ মাঠে গড়ানো নিয়েও।
বৃষ্টির বাধা উপেক্ষা করে যদি খেলা শুরু হয়, তাহলে কাটা হবে ওভার। আগে থেকে বলা ছিল, বিকেল ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা মাঠে না গড়ালে ওভার কাটা শুরু হবে। ৫টা ১৬ মিনিটের মধ্যে খেলা শুরু হলে দুদল ৫ ওভার করে পাবে ইনিংস প্রতি।
তবে, সাগরিকায় বৃষ্টি হচ্ছে এখনও। আকাশ কালো মেঘে ঢেকে আছে। বিকেল বা সন্ধ্যা নাগাদ বৃষ্টি বাড়ার শঙ্কা আছে। সবমিলিয়ে ম্যাচ শুরুর সম্ভাবনা ক্ষীণ।
যদি বিকেল ৪টা বা এর আশেপাশেও বৃষ্টি থেমে যায়, তাহলেও খেলা মাঠে গড়ানোর একটা সম্ভাবনা থাকবে। কারণ চট্টগ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো হওয়ায় মাঠ শুকাতে খুব বেশি সময় লাগবে না।
বৃষ্টির এই অবস্থায় আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ড্রেসিংরুমে বসে ক্রিকেটাররাও সেই অপেক্ষা করছেন।

স্পোর্টস ডেস্ক