বাংলাদেশের বোলারদের তোপ, ব্যাকফুটে নিউজিল্যান্ড
দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। কিন্তু উইকেটে কিছুটা থিতু হওয়ার পরই শিকার হচ্ছেন বাংলাদেশি বোলারদের। ২০ ওভার শেষে ম্যাচে এগিয়ে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে নিউজিল্যান্ড।
তিন নম্বরে নেমে উইকেটে থিতু হচ্ছিলেন উইল ইয়াং। তবে তাকে সেই সুযোগ দেননি নাহিদ রানা। এই টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং (২৫ বলে ১৯)।
এরপর উইকেটে এসে ধীরস্থির শুরু করেন কিউই অধিনায়ক টম লাথাম। তবে তাকেও বেশি সময় থাকতে দেননি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৫ রান করে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাথাম।
পাওয়ার-প্লেতে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
ব্যাটিং শুরুর বিপর্যয় কাটলেও শেষটা সুন্দর করেত পারেনি বাংলাদেশ। যে কারণে লক্ষ্যটাও খুব একটা বড় দাঁড় করাতে পারেনি। তবে, চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও বোলাররা শুরুটা করেছেন দারুণ। প্রথম পাওয়ার-প্লে শেষে এগিয়ে বাংলাদেশ।
চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলা হয়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তৃতীয় ওয়ানডের একাদশে ফিরেছেন তিনি। ফিরেই নিজের গুরুত্বের প্রমাণ দিয়েছেন ফিজ। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তিনি।
চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বাউন্সার মোকাবিলা করতে পারেননি হেনরি নিকোলস। তার ব্যাট থেকে বল চলে যায় উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে। ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
সিরিজের নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসের জুটিতে সেই বিপর্যয় কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে স্বাগতিকরা।
শান্তর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি আর লিটনের দুই বছর পর করা হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক