শেষ ম্যাচে বিতর্ক, অভিযোগ দায়ের পাকিস্তানের
পকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানটান উত্তেজনার শেষ ম্যাচের শেষ ওভারের পঞ্চম বলের ঘটনা- রিশাদ হোসেনের বলটি চলে যায় লেগ সাইড দিয়ে। আম্পায়ার বলটিকে ওয়াইড ঘোষণা করেন। তবে বাংলাদেশের খেলোয়াড়রা রিভিউ নেন। পরে দেখা যায় সেটি শাহিন শাহ আফ্রিদির ব্যাট ছুঁয়ে গেছে।
পাকিস্তানের জয়ের জন্য তখন ১২ রান প্রয়োজন ছিল। অর্থাৎ শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকাতে হতো আফ্রিদিকে। কিন্তু রিভিউ দেখে পঞ্চম বলটি লিগ্যাল ডেলিভারি হিসেবে ঘোষণা করায় আর কোনো সমীকরণই থাকে না পাকিস্তানের সামনে। যদিও শেষ বলেও বাউন্ডারি হাঁকাতে পারেননি আফ্রিদি।
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেই রিভিউ নিয়ে এবার ম্যাচ রেফারির কাছে অভিযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের অভিযোগ, বাংলাদেশ মাঠে থাকা জায়ান্ট স্ক্রিণ দেখে রিভিউ নিয়েছে। আম্পায়ার কুমার ধর্মসেনা এরপরও সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়েছেন।
অন্যদিকে, সাধারণত রিভিউ নেওয়ার জন্য ১৫ সেকেন্ডের একটা সময় নির্ধারিত থাকে। এর মধ্যেই রিভিউয়ের জন্য আবেদন করতে হয়। তবে এই ঘটনায় প্রথমে আম্পায়ার ওয়াইড ঘোষণা করায় ব্রডকাস্টাররা কোনো টাইমার দেখায়নি। ক্রিকেটাররা কিছু সময় আলোচনা করে রিভিউয়ের জন্য আবেদন করে। ফলে পাকিস্তানের অভিযোগ, বাংলাদেশকে রিভিউ নেওয়া জন্য নির্ধারিত সর্বোচ্চ ১৫ সেকেন্ডের বেশি সময় দেওয়া হয়েছে।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারির কাছ থেকে ঠিক কী ধরণের ব্যবস্থা আশা করছে তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে পাকিস্তান অন্ততপক্ষে এই ভুলের একটি প্রকাশ্য স্বীকৃতি আশা করছে।

স্পোর্টস ডেস্ক