এবার আইসিসি থেকে শাস্তি পেলেন সালমান
দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে বৃষ্টি আইনে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অলআউট হয়েছে ১১৪ রানে। ম্যাচ শেষে ফলাফল অবশ্য আলোচনা নেই। যা আলোচনা, তার সবটাই সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের রান আউট নিয়ে। এমন আউট মেনে নিতে পারেননি সালমান। মাঠেই মেজাজ হারান তিনি। সেজন্য এবার পেলেন শাস্তিও।
ঘটনাটি ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজের চতুর্থ বলটি মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে বল সরাসরি মিরাজের দিকেই যাচ্ছিল। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান আগা বেশ খানিকটা এগিয়ে এসেছিলেন। বলটি মিরাজের পায়ে লাগলে সালমান ভেবেছিলেন সেটি কুড়িয়ে মিরাজের হাতে তুলে দেবেন।
কিন্তু বলটি ডেড হওয়ার আগেই মিরাজ ক্ষিপ্রতার সঙ্গে বল কুড়িয়ে স্ট্যাম্প ভেঙে দেন। এরপর মিরাজ আবেদন করেন রান আউটের। পরে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দিলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সালমান। মাঠেই একবার ছুঁড়ে মারেন গ্লাভস-হেলমেট। মাঠ থেকে বেরিয়ে গিয়ে বাউন্ডারি সীমানা পেরিয়ে আবারও গ্লাভস-হেলমেট ছুঁড়ে মারেন সালমান।
এ ঘটনায় সালমানের বিরুদ্ধে ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুপমেন্ট’ এর অভিযোগ আনেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। শাস্তি হিসেবে পাকিস্তানের এই ব্যাটারকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সালমান ম্যাচ রেফারির অভিযোগ মেনে নেওয়ায় এ নিয়ে আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।

স্পোর্টস ডেস্ক