বিতর্কিত আউট নিয়ে কড়া জবাব লিটনের
ম্যাচের গল্প ছাপিয়ে আলোচনায় পাকিস্তানের সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের করা রান আউট। যেটি নিয়ে রীতিমতো বিভক্ত হয়ে গেছে ক্রিকেট প্রেমীরা। কেউ প্রশ্ন তুলছেন, মিরাজের স্পোর্টসম্যানশিপ নিয়ে। আবার কেউ কাঠগড়ায় তুলছেন সালমানের ক্রিকেটীয় জ্ঞানকে। এটি নিয়ে মাঠেই মেজাজ হারাতে দেখা গিয়েছিল সালমানকে।
বিতর্কিত এই রান আউটের আলোচনার কেন্দ্রীয় চরিত্রে মিরাজ আর সালমান থাকলেও পার্শ্বচরিত্রে ছিলেন লিটন দাস। সালমানের মেজাজ হারানোর পরে লিটনকে তেড়ে যেতে দেখা যায় সালমানের দিকে। সেসময় তাকে আটকান উইকেটে থাকা আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের সঙ্গে এটি নিয়ে কথাও বলেছেন লিটন। লিটন মনে করেন, এখানে স্পোর্টসম্যানশিপ ভাঙার কিছু হয়নি। নিয়ম মেনেই আউট হয়েছেন সালমান।
লিটন বরেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। আন্তর্জাতিক ম্যাচ…। যেহেতু আইনে আছে আউট… আমি তো এখানে কোনো অ্যাঙ্গল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু…।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। অনেকেই অনেকের মত দিচ্ছেন। সংবাদ সম্মেলনে সালমান নিজেও কথা বলেছেন এটি নিয়ে। সেসব নিয়ে লিটন বললেন, ‘যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট..।’

স্পোর্টস ডেস্ক