কবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা, যা বলল বাফুফে
দেশের ফুটবলে নতুন করে জোয়ার শুরু হয় হামজা চৌধুরীকে দিয়ে। হামজার আগমনের পর বছর পার হতে চলল। বাংলাদেশও একটু একটু করে নিজেদের গুছিয়ে নিচ্ছে। পুরুষ জাতীয় দল এশিয়ান কাপের মূলপর্বে যেতে না পারলেও কৃতিত্বের ছাপ রেখেছে পুরো বাছাইপর্বে।
আগামী ৩১ মার্চ এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। শেষটা ভালোভাবে করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সম্প্রতি চোটে পড়া হামজাকে নিয়ে শঙ্কা ছিল। তবে, বাফুফে শঙ্কা উড়িয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে জানানো হয় হামজার ব্যাপারে। কবে দলের সঙ্গে যোগ দেবেন হামজা, সেটিও বলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। যদিও বাংলাদেশে আসবেন না হামজা।
আমিরুল ইসলাম বলেন, ‘১৬ মার্চ আমাদের ক্যাম্প শুরু হবে। ২১ মার্চ ভিয়েতনাম পৌঁছাবে দল। ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলে ২৭ মার্চ দল সিঙ্গাপুর পৌঁছাবে। হামজা ২২ মার্চ ভিয়েতনামে যাবেন সরাসরি। সেখানে ম্যাচ খেলে এরপর সিঙ্গাপুর যাবেন। ৩১ মার্চ সিঙ্গাপুর খেলে পরবর্তীতে ইংল্যান্ডে ফিরে যাবেন।’
বাফুফের কথায় স্পষ্ট, এবার দেশে আসছেন না হামজা। দল দেশ ছাড়ার পর সরাসরি ক্যাম্পে যোগ দেবেন তিনি।

স্পোর্টস ডেস্ক