বাংলাদেশ-পাকিস্তান প্রথম ম্যাচে যত রেকর্ড
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পরে ওয়ানডে ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছিল দুই দল। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে, পাকিস্তান গড়েছে লজ্জার রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার বোলিং তোপে পাকিস্তানের একশ রান পার করা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফাহিম আশরাফের কল্যাণে ১১৪ রান করতে পারে সফরকারীরা। যা বাংলাদেশের বিপক্ষে দলটির সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে ১৯৯৯ সালে করা ১৬১ ছিল সর্বনিম্ন রান।
সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ গড়েছে আরেকটি রেকর্ড। পাকিস্তানের দেওয়া ১১৪ রান বাংলাদেশ তাড়া করে ফেলে ১৫.১ ওভারেই। যা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন ওভারে রান তাড়া করে জয়ের রেকর্ড।
বাংলাদেশ-পাকিস্তানের দুই ইনিংস মিলিয়ে খেলা হয়েছে মোট ৪৫.৫ ওভার। যা এই দুই দলের মধ্যে ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ওভারের ম্যাচ। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে সর্বনিম্ন ৮৭.২ ওভার খেলা হয়েছিল।
পাকিস্তানের বিপক্ষে আজ ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর আগেও তিনবার ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে, সর্বনিম্ন ওভার আর উইকেটের হিসাবে এটাই সবচেয়ে বড় জয়।

স্পোর্টস ডেস্ক