ট্রাম্প এবার মেসিকে বললেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো’
যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জেতার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। ক্লাবের এই ঐতিহাসিক সাফল্য উদ্যাপন করতে বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল লিওনেল মেসি ও তাঁর সতীর্থদের। সেখানে মেসিদের উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ডিসেম্বরে মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় মায়ামি। সেই ট্রফি জয়ের স্বীকৃতি হিসেবেই ডেভিড বেকহামের ক্লাবের তারকাদের এই রাজকীয় সফরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ট্রাম্প তাঁর ছেলে ব্যারন ট্রাম্পের মেসি-ভক্তির কথা বেশ মজার ছলে তুলে ধরেন। ট্রাম্প বলেন, ‘আমার ছেলে ব্যারন আমাকে এসে জিজ্ঞেস করল, বাবা আজ এখানে কে আসছে জানো? আমি বললাম, অনেক কাজে ব্যস্ত আছি, জানি না। সে উত্তেজিত হয়ে বলল, মেসি আসছে! সে তোমার অনেক বড় ভক্ত। ব্যারন মনে করে তুমি শুধু দারুণ খেলোয়াড়ই নও, একজন দারুণ মানুষও।’
এ সময় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘রোনালদো যেমন অসাধারণ, তুমিও তেমন। তোমরা দুজনই নিজেদের খেলায় মহান চ্যাম্পিয়ন।’
ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা কে—এ নিয়ে বিতর্ক চিরদিনের। হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে ট্রাম্প সরাসরি মেসিকে ফুটবলের রাজা পেলের সঙ্গে তুলনা করেন। মেসির উদ্দেশে তিনি বলেন, ‘আমি এখন বুড়ো হয়ে গেছি, তাই এটা বলা হয়তো ঠিক হবে না। তবে আমি পেলেকে খেলতে দেখেছি। আমার তো মনে হয়, তুমি হয়তো পেলের চেয়েও ভালো! অবশ্যই পেলে নিজেও অসাধারণ ছিলেন।’
মেসির অবিশ্বাস্য অর্জনের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ‘লিও তার ক্যারিয়ারে ৪৭টি ট্রফি জিতেছে, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। তুমি চাইলে বিশ্বের যেকোনো বড় ক্লাবে খেলতে পারতে, কিন্তু তুমি ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছ। আমাদের এই ফুটবল যাত্রায় সঙ্গী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’
উল্লেখ্য, এর আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও সর্বকালের সেরা বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’

স্পোর্টস ডেস্ক