পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বৃষ্টির শঙ্কা, খেলা না হলে কী হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ। এবার শুরু হচ্ছে সুপার এইট পর্বের লড়াই। যেখানে প্রথম দিনেই মাঠে নামছে পাকিস্তান আর নিউজিল্যান্ড। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে এই লড়াই।
তবে এই ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না সেটি নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। আবহাওয়া অফিস বলছে, দুই দলের এই লড়াইকে ভেস্তে দিতে পারে বেরসিক বৃষ্টি।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ সারা দিনে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। তবে সন্ধ্যায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। এসময় বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৭ শতাংশ।
আকুওয়েদার আরও জানিয়েছে, বজ্রসহ প্রায় দেড় ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি না হলেও কলম্বোর আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতাও থাকবে বেশি।
এর আগে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। আজও তেমন কিছুর অপেক্ষায় আছেন ক্রিকেটভক্তরা।
যদি বৃষ্টির কারণে ম্যাচটি একদমই আয়োজন করা সম্ভব না হয়, তবে আইসিসির নিয়ম অনুযায়ী কী ঘটবে? নিয়ম বলছে, বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে সুপার এইট পর্বে কোনো সুপার ওভার হবে না। ফলাফল আসার জন্য দুই দলকে অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। সেটি সম্ভব না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। তখন দুই দল ১টি করে পয়েন্ট ভাগ করে নেবে।
তবে বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকলে পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের চেয়ে ৯০ মিনিট বাড়তি সময় বরাদ্দ রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক