নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পাকিস্তান
নামিবিয়ার বিপক্ষে অনেকটা ডু অর ডাই ম্যাচ ছিল। হারলেই বিদায় নিতে হতো চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠলেন শাহিবজাদা ফারহান। এরপর বল হাতে দায়িত্ব নিলেন উসমান তারিক-শাদাব খানরা। এতে বড় জয়ে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া। পাকিস্তান জয় পেয়েছে ১০২ রানের বড় ব্যবধানে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। পঞ্চম ওভারে নামিবিয়া শিবিরে প্রথম আঘাত হানেন সালমান মির্জা। সেই শুরু এরপর তাসের ঘরের মতো ভেঙে পরে নামিবিয়ার ব্যাটিং লাইন। পাকিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি তারা।
পুরো ইনিংসে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। ওপেনার লউরিন স্টেনক্যাম্প খেলেছেন ২২ বলে ২৩ রানের ইনিংস। এরপর পাঁচ নম্বরে নেমে ২০ বলে ২০ রানের ইনিংস খেলেন অ্যালেক্সন্ডার বউসিং।
পাকিস্তানের হয়ে ৩.৩ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন উসমান তারিক। ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন শাদাব খান। একটি করে উইকেট যায় সালমান মির্জা আর মোহাম্মদ নাওয়াজের ঝুলিতে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব মিলে গড়েন ৪০ রানের জুটি। ১২ বলে ১৪ রান করে সাইম ফিরলে ভাঙে সেই জুটি।
তিন নম্বরে নামা অধিনায়ক সালমান আলি আঘাতে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৭ রানের গড়েন শাহিবজাদা। এই জুটিতে দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ২৩ বলে ৩৮ রান রান করে সালমান ফিরলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুতই ফিরে যান খাজা নাফেও (৫ বলে ৫)।
হাফসেঞ্চুরি তুলে নেওয়া শাহিবজাদাকে সঙ্গ দিতে এসে ঝড় তুলেন শাদাব খানও। চতুর্থ উইকেটে অপরাজিত ৮১ রানের জুটি গড়েন এই দুজন। সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা। শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তার ৫৮ বলের ইনিংস সাজানো ছিল ১১ চার আর ৪ ছক্কায়। ২২ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন শাদাব।

স্পোর্টস ডেস্ক