উনি খাড়ার ওপর মিথ্যা কথা বললেন : সালাউদ্দিন
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল এই আসরে অংশ নেয়নি। এই নিয়ে নাটকীয়তা কম হয়নি। বিশ্বকাপে দল না পাঠানো নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আসিফ নজরুল বিশ্বকাপ না খেলার দায় বিসিবি ও ক্রিকেটারদের ওপর চাপিয়ে দিয়ে ‘মিথ্যা’ বলছেন।
বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি কার ছিল—তা নিয়ে আগে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, এটি সরকারের সিদ্ধান্ত। পরে তিনি সুর পাল্টে দাবি করেন, বিসিবি ও ক্রিকেটাররাই নিজেরা ত্যাগের মনোভাব থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন।
আসিফ নজরুলের এই বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘উনি খাড়ার ওপর এভাবে মিথ্যা কথা বলবেন, আমি আসলে ভাবতেও পারছি না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বললে আমি ছেলেদের সামনে মুখ দেখাবো কীভাবে?’
বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের ফলে ক্রিকেটাররা যে প্রচণ্ড মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন, সেটিও তুলে ধরেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় (মানসিকভাবে) কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তাদের যে আবার মাঠে (অদম্য টুর্নামেন্টে) ফিরিয়ে আনতে পেরেছি, এটাই আমার জীবনের বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’
এর আগে গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’ পরে অবশ্য সমালোচনার মুখে নিজের বক্তব্য থেকে সরে আসেন তিনি।

স্পোর্টস ডেস্ক