বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। এবার দলের তিন সিনিয়র ক্রিকেটার—বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তার মতে, তাদের সময় শেষ হয়ে গেছে এবং এখন নতুনদের সুযোগ দেওয়া উচিত।
রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সালমান আলী আঘার দল।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মোহাম্মদ ইউসুফ তার ক্ষোভ উগরে দেন। তিনি লিখেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে এখন নতুন পারফরমার প্রয়োজন। দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় দিয়ে আর চলবে না।’
ভারতের বিপক্ষে ম্যাচে এই তিন অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭ বলে মাত্র ৫ রান করে আউট হন বাবর। গুরুত্বপূর্ণ সময়ে তার শট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ।
বল হাতে ভীষণ খরুচে ছিলেন শাহিন আফ্রিদি। মাত্র ২ ওভার বল করে দিয়েছেন ৩১ রান। উইকেট পেয়েছেন মাত্র একটি, সেটিও ইনিংসের শেষ বলে। একই অবস্থা শাদাব খানেরও। লেগ স্পিনিং এই অলরাউন্ডার ১ ওভার বল করে উইকেটহীন থেকে দেন ১৭ রান। পরে ব্যাট হাতেও ১৫ বলে মাত্র ১৪ রান করে দলের চাপ বাড়িয়েছেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মতে, বড় ম্যাচে অভিজ্ঞদের এমন অসহায় আত্মসমর্পণ পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। বাবরদের ওপর থেকে ভরসা তুলে নিয়ে এখন তরুণদের হাতেই টি-টোয়েন্টির দায়িত্ব তুলে দেওয়ার দাবি জোরালো হচ্ছে।

স্পোর্টস ডেস্ক