পাকিস্তানের হতাশা বাড়িয়ে বড় রানের দিকে ছুটছে ভারত
শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। প্রথম ওভারেই ফিরিয়েছিল ভারতের আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত অভিষেক শর্মাকে। কিন্তু সেই চাপ লম্বা হতে দেয়নি ভারত। উল্টো আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছুটছে বড় রানের দিকে। ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে ভারত।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
শুরুতেই সাফল্যও পেয়েছিল পাকিস্তান। প্রথম ওভারেই শূন্য রানে ফেরায় অভিশেক শর্মাকে। সেই ধাক্কা সামলে এরপর পাকিস্তানের বোলারদের শাসন করেন ইশান কিষাণ আর তিলক ভার্মা।
দ্বিতীয় উইকেট জুটিতে ৭৭ রান তুলে ফেলেন এই দুই ব্যাটার। অষ্টম ওভার পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি তারা।
নবম ওভারে এসে পাকিস্তানকে উইকেট এনে দেন শাহিন শাহ আফ্রিদি। ঝড় তুলতে থাকা ইশান কিষাণকে ফেরান তিনি। ফেরার আগে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৪০ বলে ৭৭ রান করেন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে আবারও ২৮ রানের জুটি গড়েছেন তিলক ভার্মা আর সূর্যকুমার যাদব। তিলক ২২ বলে ২৫ আর সূর্যকুমার ১২ বলে ১৪ রানে অপরাজিত আছেন।

স্পোর্টস ডেস্ক