লিভারপুলকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল ম্যানসিটি
ঘরের মাঠে জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল লিভারপুলের সমর্থকরা। কিন্তু সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। প্রত্যাবর্তনের গল্প লিখে স্বাগতিকদের হারিয়ে ঘরে ফিরেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। এই জয়ে টিকিয়ে রেখেছে শিরোপার আশা।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। এ জয়ে ২৫ ম্যাচ শেষে ১৫ জয় আর সমান ৫টি করে ড্র ও হারে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে সিটি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙে ৭৪ মিনিটে। স্বাগতিক লিভারপুলকে লিড এনে দেন ডমিনিক সোবোসলাই।
সোবোসলাইয়ের চমৎকার এক ফ্রি-কিক জালে জড়ালে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে অলরেডরা। লিভারপুল তখন লিড ধরে রেখে বর্তমান চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দেওয়ার অপেক্ষায় ছিল।
ম্যাচ যখন লিভারপুলের পকেটে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসেন আর্লিং হল্যান্ড। ম্যাচের ৮৪ মিনিটে বার্নার্দো সিলভাকে দিয়ে সমতাসূচক গোলটি করান হল্যান্ড। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের একদম শেষ সেকেন্ডে ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত সিটি। রায়ান শেরকি নিজেদের অর্ধ থেকে ফাঁকা জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর (VAR) পরীক্ষা করে দেখা যায়, তার আগে হল্যান্ড যখন গোল করতে যাচ্ছিলেন তখন সোবোসলাই তাঁকে ফাউল করেন। ফলে গোলটি বাতিল করে সোবোসলাইকে লাল কার্ড দেখান রেফারি।
এই হারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে বড় ধাক্কা খেল লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

স্পোর্টস ডেস্ক