আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের
গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে আফগানিস্তান। বড় দলকে চোখ রাঙিয়েই ক্ষান্ত থাকেনি তারা, হারিয়েছে প্রায়ই। সেই আফগানিস্তানের সামনে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে কিউইরা জিতেছে ৫ উইকেটে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে আফগানিস্তান। জবাবে ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে নিউজিল্যান্ড।
রান তাড়ায় দ্রুত ২ উইকেট হারায় কিউইরা। ১৪ রানে সাজঘরে ফেরেন দুজন। তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন টিম শেইফার্ট ও গ্লেন ফিলিপস। ফিলিপস ২৫ বলে ৪২ রানে বিদায় নিলেও ওপেনার শেইফার্ট তুলে নেন অর্ধশতক। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৫ রান করে দলের নায়ক তিনিই।
নিউজিল্যান্ডের জয়ের পথে অন্যতম ভূমিকা রেখেছে মিডল অর্ডার। সবাই নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেন। মার্ক চ্যাপম্যানের ১৭ বলে ২৮, ডেরিল মিচেলের ১৪ বলে অপরাজিত ২৫ এবং মিচেল স্যান্টনারের ৮ বলে অপরাজিত ১৭ রানের ক্যামিওতে বড় লক্ষ্যও সহজে তাড়া করে নিউজিল্যান্ড।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান নেন ২ উইকেট। একটি করে উইকেট পান আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও মোহাম্মদ নবী।
ব্যাটিংয়ে আফগানদের হয়ে আলো ছড়ান গুলবাদিন নাইব। ৩৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৩ রান আসে নাইবের ব্যাট থেকে। ২৪ বলে ২৯ করেন সেদিকুল্লাহ অটল, এটি দ্বিতীয় সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের পক্ষে লোকি ফার্গুসন ঝুলিতে পোরেন ২ উইকেট।

স্পোর্টস ডেস্ক