হৃদয় ঝড়ে রাজশাহীকে বড় লক্ষ্য দিলো রংপুর
প্রমোশন পেয়ে রংপুর রাইডার্সের ইনিংসের উদ্বোধন করতে নেমেছিলেন তাওহিদ হৃদয়। উইকেটে টিকে ছিলেন ইনিংসে শেষ বল পর্যন্ত। ইনিংসের শুরু আর শেষে রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি। যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়ে গেছে হৃদয়ের। তবে দলকে এনে দিয়েছেন বড় পুঁজি।
আজ রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে রংপুর।
টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ছিলেন না রংপুরের ওপেনার ডেভিড মালান। প্রমোশন পেয়ে ওপেনিংয়ে নামেন তাওহিদ হৃদয়। নেমেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি।
একপ্রান্তে হৃদয়ের ঝড়ো ব্যাটিং করলেও আরেক প্রান্তে নিষ্প্রভ ছিলেন বাকিরা। অল্প রানেই ফিরে যান আরেক ওপেনার কেইল মায়ার্স (৬ বলে ৮ রান)। ধীর গতির ব্যাটিং করে ফিরে যান লিটন দাস (১৪ বলে ১১) আর ইফতেখার আহমেদ (১৫ বলে ৮)।
পাওয়ার-প্লেতে ঝড় তোলা হৃদয়ও কিছুটা মন্থর হয়ে যান পরে। তবে একপ্রান্ত আগলে রাখা এই ব্যাটার সময়ের সঙ্গে সঙ্গে আবারও চড়াও হয়েছেন রাজশাহীর বোলারদের ওপর। বিশেষ করে শেষদিকে। তার সঙ্গে যোগ দেন খুশদিল শাহ।
এই দুজন মিলে গড়েছেন ৫১ বলে ১০৫ রানের জুটি। যেখানে ১৯তম ওভারে রিপন মন্ডলের এক ওভার থেকেই নিয়েছেন ২৮ রান। ইনিংসের ২ বল বাকি থাকতে ২৯ বলে ৪৪ রান করে জেমি নিশামের বলে ফিরে যান খুশদিল।
খুশদিল ফিরলেও উইকেটে ছিলেন হৃদয়। তার সামনে মাইলফলক ছোঁয়ার সুযোগও ছিল। ৯৭ রানে অপরাজিত থাকা হৃদয়ের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৩ রানের। এক বল বাকি থাকতে তাকে উইকেটও দেন নুরুল হাসান সোহান। তবে নিশাদের ইয়র্কার থেকে কোনো রানই নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ বলে ৯৭ রানে।

স্পোর্টস ডেস্ক