‘ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে অনুপযুক্ত ঘোষণা করা উচিত’
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে মুস্তাফিজকে বাদ দেওয়ার কিষয়টি নিশ্চিত করেছে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। যাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ শনিবার (৩ ডিসেম্বর) আসিফ মাহমুদ বলেন, ‘এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার ও বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত।’
আসিফ যোগ করেন, ‘৫ আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছে।’
অবশ্য মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর। তার বক্তব্য- ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না।
শশী থারুর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার। এসবের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয়। সে কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।’
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা।
এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক