মুস্তাফিজ আইপিএল খেলতে পারবেন কিনা, জানাল ভারত
আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কাড়াকড়ি শুরু করেছিল তিন দল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপি টাইগার পেসারকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে দল পাওয়া মুস্তাফিজের এখন আইপিএল খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই রীতিমতো হুমকি দিয়ে আসছে ভারতের উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা। বিমানবন্দর থেকে বের না হতে দেওয়া, এমনকি মুস্তাফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে।
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে এবার নিজেদের সিদ্ধান্ত জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ থেকে খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আপত্তি বা আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আসেনি।
বিসিসিআই জানিয়েছে, বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের ছাড়পত্র নেওয়া একটি নিয়মিত এবং বাধ্যতামূলক প্রক্রিয়া।
মুস্তাফিজুর রহমান আইপিএলের অভিজ্ঞ ও নিয়মিত মুখ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেকের পর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের মতো বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৬০টি আইপিএল ম্যাচে তিনি ৬৫টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট ৮.১৩। সর্বশেষ মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।

স্পোর্টস ডেস্ক