চমক দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা ফিফার
আনুষ্ঠানিকভাবে বেজে ওঠেছে ফুটবল বিশ্বকাপের দামামা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র, প্রকাশ করা হয়েছে সূচিও। এখন চলছে সময় গণনা। প্রথমবারের মতো ৪৮ দেশ নিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। দল বাড়ার সঙ্গে সঙ্গে এবার বিশাল অঙ্কে প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিফা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। যেখানে দেখা গেছে, সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজমানি বাড়ানো হয়েছে ৫০ শতাংশ। কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানির পরিমাণ ছিল ৪৪ কোটি ডলার। এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৫০ লাখ ডলারে।
পরিসংখ্যান বলছে, ২০২৬ বিশ্বকাপে মোট প্রাইজমানি বাড়ানো হয়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া চ্যাম্পিয়নদের জন্য ৮০ লাখ এবং রানার্সআপ দলের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩০ লাখ ডলার।
যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের মেগা আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১০ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়া রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪০৩ কোটি টাকা।
এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।
এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দল কমপক্ষে ১ কোটি ৫ লাখ ডলার পাবে। গ্রুপ পর্ব পেরোতে না পারা দলগুলোকে ৯০ লাখ ডলার করে দেওয়া হবে। অতিরিক্ত ১৫ লাখ ডলার করে পাবে প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে।
এ ছাড়া বিশ্বকাপের রাউন্ড অব ৩২–এ ওঠা প্রতিটি দল ১ কোটি ১০ লাখ, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার করে পাবে দলগুলো।
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুটি দলের জন্যও রয়েছে বরাদ্দ। তৃতীয় অবস্থানে থাকা দল ২ কোটি ৯০ লাখ ডলার এবং আর চতুর্থ হওয়া দলকে ২ কোটি ৭০ লাখ ডলার দেওয়া হবে।

স্পোর্টস ডেস্ক