ম্যাচে হেরে দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই ক্ষত শুকানোর আগে দুঃসংবাদ মাদ্রিদ শিবিরে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলের তিন ফুটবলার, আরেকজন পেয়েছেন এক ম্যাচ।
লা লিগায় গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের সময় রেফারির প্রতি অসদাচরণের দায়ে রিয়াল মাদ্রিদের চারজন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে তিনজন খেলোয়াড়কে দুই ম্যাচের জন্য এবং একজনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
আক্রমণাত্মক মেজাজের কারণে ডিফেন্ডার দানি কারভাহাল, আলভারো কারেরাস ও ফরোয়ার্ড এন্দ্রিককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। চোটের কারণে এই ম্যাচে ড্রেসড না হলেও বেঞ্চে থাকা কারভাহালকে ম্যাচের পরে টানেলে রেফারির প্রতি অসম্মান দেখানোর অভিযোগ আনা হয়েছে।
তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক রিজার্ভ বেঞ্চে বসে ছিলেন, তাকেও রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় বহিষ্কার করা হয়। ম্যাচের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেছিলেন ডিফেন্ডার কারেরাস, যার ফলে তাকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ফ্রান গার্সিয়া দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, তাকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ এবং লাল কার্ডের কারণে তারা নয়জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করেছিল। শীর্ষ সারির চার খেলোয়াড়কে একযোগে হারানোয় মাদ্রিদকে সামনের ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।

স্পোর্টস ডেস্ক