কবে অবসর নিচ্ছেন রোনালদো জানালেন নিজেই
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স এখন ৪০। তবে বয়সের বাধাকে পেছনে ফেলে নিয়মিতই গোল ও অ্যাসিস্ট করে যাচ্ছেন। বিশ্ব ফুটবলে একের পর এক রেকর্ড গড়া ক্রিস্টিয়ানো রোনালদো এবার জানিয়ে দিলেন, তার ফুটবল ক্যারিয়ার শেষের পথে। কিন্তু বিশ্বকাপ ট্রফিটা যে ছুঁয়ে দেখা হয়নি তার, যে কারণে আরও একবার মাঠে নামা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপই হবে রোনালদোর শেষ বিশ্বকাপ। ৪১ বছর বয়সে তিনি খেলতে নামবেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
রিয়াদে অনুষ্ঠিত ট্যুরিজম সামিটে সিএনএনের উপস্থাপক বেকি অ্যান্ডারসনের রোনালদোকে প্রশ্ন করেন, ২০২৬ কি তার শেষ বিশ্বকাপ কি না। রোনালদো বলেন, ‘নিশ্চিতভাবেই। হ্যাঁ, এটা আমার শেষ বিশ্বকাপ হবে, কারণ তখন আমার বয়স হবে ৪১ বছর।’
রোনালদো আরও যোগ করেন, ‘যখন বলি আমি শিগগিরই অবসর নেব, এর মানে সম্ভবত এক বা দুই বছরের মধ্যেই।’
বর্তমানে জাতীয় দলের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন রোনালদো। ইউরোপীয় বাছাইপর্বে চার ম্যাচে পাঁচ গোল করে জাতীয় দলের হয়ে সর্বাধিক ১৪৩ গোলের রেকর্ডও গড়েছেন। ৪০ বছর বয়সী রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫৩ গোল করেছেন। প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের লক্ষ্যই এগিয়ে যাচ্ছেন তিনি।
রোনালদো বলেন, ‘আমি এখন খুব ভালো অনুভব করছি। এখনো গোল করছি, নিজেকে দ্রুত ও চটপটে লাগছে। জাতীয় দলের হয়ে খেলাটা ভীষণ উপভোগ করছি।’
রোনালদো বলেন, ‘আমি ফুটবলে ২৫ বছর ধরে আছি। নিজের সবটুকু দিয়েছি। অসংখ্য রেকর্ড আছে, যার জন্য গর্ববোধ করি। তাই এখন শুধু উপভোগ করতে চাই বর্তমানটা।’
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে জুনে নতুন দুই বছরের চুক্তি করেছেন রোনালদো। সম্প্রতি অবসরের প্রসঙ্গে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে তিনি বলেছিলেন, ‘খুব শিগগিরই (অবসর নেব)। কঠিন হবে, অবশ্যই হবে। হয়তো কাঁদবও... কারণ এটা একটা বড় অধ্যায়ের শেষ।’
২০২৬ বিশ্বকাপে মেসি থাকবেন ৩৯ বছর বয়সে, আর রোনালদো ৪১–এ পা দেবেন। দুজনেই যাচ্ছেন তাদের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে। এতে তারা ছাড়িয়ে যাবেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসকে। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে খেলেছেন তিনি।
মেসি বিশ্বকাপটা ছুঁয়ে দেখতে পারলেও রোনালদোর জন্য বিশ্বকাপই এখনো একমাত্র অধরা ট্রফি। ইউরো ২০১৬ জয়ের পর বিশ্বকাপ জয়ের ঘাটতি পূরণের সুযোগ থাকবে ২০২৬ সালে।
তবে রোনালদের দেশের বিশ্বকাপ এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ বিশ্বকাপ জায়গা পেতে শেষ দুই ম্যাচে পর্তুগালের দরকার মাত্র দুই পয়েন্ট, প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও আর্মেনিয়া।

স্পোর্টস ডেস্ক