নতুন রেকর্ডে রোনালদোর পাশে মেসি
লিওনেল মেসি না কি ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবল বিশ্বে এই প্রশ্ন খুবই সাধারণ। গত এক দশক ধরে দ্বৈরথ চলছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর আর পর্তুগিজ মহাতারকার মধ্যে। কোনো রেকর্ড বইয়ে রোনালদো আবার কোনো কোথাও মেসি– এভাবেই চলছেন দুজন।
এবার নতুন করে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন মেসি। সেই রেকর্ডটি অবশ্য মাঠের কোনো রেকর্ড নয়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ আর্থিক বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টাইন সুপারস্টারের মোট সম্পদ এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ব্লুমবার্গের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, সবমিলিয়ে মেসির বর্তমান নিট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
এর আগে একমাত্র ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের এই ক্লাবে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর সিআরসেভেনের সম্পর্দের পরিমাণ দাঁড়িয়েছিল এক বিলিয়ন ডলার।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ২০০৭ সাল থেকে শুধু মাঠের বেতন এবং বোনাস বাবদই আয় করেছেন ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এর বাইরে কর সমন্বয়, বিভিন্ন লাভজনক ব্র্যান্ডের স্পনসরশিপ, বৈশ্বিক বাজারের পারফরম্যান্স এবং সফল বাণিজ্যিক বিনিয়োগের হিসাব মিলিয়ে মেসির আয় দাঁড়িয়েছে এক বিলিয়ন ডলার।
২০২২ সালে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। সেসময় অবশ্য আর্জেন্টাইন তারকাকে পেতে টাকার বস্তা নিয়ে নেমেছিল সৌদি আরবের একটি ক্লাব। তবে টাকার অঙ্ক না মেলায় মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নাম লেখান ইন্টার মায়ামিতে।
ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস জানিয়েছেন, ক্লাব থেকে মেসির বার্ষিক বেতন ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলারের মধ্যে হলেও তার চুক্তিতে অ্যাপল টিভির রেভিনিউ-শেয়ারিং (লভ্যাংশ অংশীদারত্ব) এবং ক্লাবের ইকুইটি বা মালিকানার লোভনীয় অপশন যুক্ত রয়েছে।
হোর্হে মাস জানিয়েছেন, মেসির আগমনে বর্তমানে ইন্টার মায়ামির ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ১.৪৫ বিলিয়ন ডলারে। যা বর্তমানে আমেরিকার সবচেয়ে মূল্যবান এবং বিশ্বের ১৬তম দামী ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেড থেকেও এগিয়ে।

স্পোর্টস ডেস্ক