হোল্ডারের দৃঢ়তায় হার এড়াল ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ৪৩৮ রানের দুরূহ লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়ের স্বপ্ন হয়তো খুব বেশি দেখেননি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। চতুর্থ দিনে দুটি উইকেট হারিয়ে ফেলায় হার এড়ানোটাই ছিল বড় চ্যালেঞ্জ। সাত উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তেই চলে এসেছিল স্বাগতিকরা। কিন্তু জেসন হোল্ডারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে শেষপর্যন্ত ড্র করেই টেস্ট সিরিজ শুরু করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
২ উইকেটে ৯৮ রান নিয়ে পঞ্চম দিন শুরুর পর দ্রুতই দুটি উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা। ৫৩ ও ৫৬তম ওভারে আউট হন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভন স্মিথ (৬৫) ও মারলন স্যামুয়েলস (২৩)। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। জো রুটের শিকার হয়ে ফিরেছেন মাত্র ১৩ রান করে। ৩১ ও ৫৭ রানের ইনিংস খেলে কিছুক্ষণ বেশ ভালোই লড়াই চালিয়েছিলেন জার্মেইন ব্ল্যাকউড ও অধিনায়ক দিনেশ রামদিন। কিন্তু তাঁদের এই প্রচেষ্টাও হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। হোল্ডার দলের প্রয়োজনে সময়মতো জ্বলে উঠতে না পারলে হয়তো জয়ের আনন্দেই মেতে উঠতে পারতেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আট নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেছেন হোল্ডার। এটি ছিল ডানহাতি এই ব্যাটসম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরি। দুই ইনিংস মিলিয়ে ১১৯ রানের পাশাপাশি তিনটি উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

স্পোর্টস ডেস্ক