উইজডেন দশকের সেরা ওয়ানডে দলে সাকিব
অনাকাঙ্ক্ষিত ভুল করে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। তবে সাময়িকভাবে নিষিদ্ধ হলেও দীর্ঘ ক্যারিয়ারে দুহাত ভরে অর্জন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের বুকে মাথা উঁচু করতে বাংলাদেশকেও এনে দিয়েছেন নানা সাফল্য। সেই অর্জনই তাঁকে বারবার নিয়ে যাচ্ছে সেরাদের কাতারে।
ক্রিকেটে বিশ্ব মাতিয়ে বেড়ানো সাকিব এবার জায়গা করে নিয়েছেন উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে। বার্তা সংস্থা বাসসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার নিজেদের ওয়েবসাইটে দশক সেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ‘ক্রিকেটের বাইবেল খ্যাত’ উইজডেন পত্রিকা। এক দশকে নিজের পারফরম্যান্স দিয়ে সেখানে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছে সাকিব। এমনকি অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্স বিবেচনায় গত এক দশকে তাঁর ধারে কাছে কেউ নেই।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন ছয় ব্যাটসম্যান, চার পেস বোলার ও এবং একজন অলরাউন্ডার।
গত এক দশকে সাকিব ১৩১ ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে চার হাজার ২৭৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৭ উইকেট। এ বছরের বিশ্বকাপের শীর্ষ পারফরমারদের একজন ছিলেন সাকিব।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দলে আছেন ভারতের তিন খেলোয়াড়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন দুজন করে। এ ছাড়া ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের আছেন একজন করে।
উইজডেনের দশক সেরা ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, ট্রেন্ট বোল্ট।
পারফরমেন্সে এক দশক :
রোহিত শর্মা-ভারত, ম্যাচ-১৫৯, রান-৮৮১৬, গড়-৫৩.৫০
ডেভিড ওয়ার্নার-অস্ট্রেলিয়া, ম্যাচ-১০৯, রান-৪৮৮৪, গড়-৪৭.৮৮
বিরাট কোহলি-ভারত, ম্যাচ ২২৬, রান-১১০৪০, গড়-৬০.৬৫
এবি ডি ভিলিয়ার্স-দ:আফ্রিকা, ম্যাচ ১৩৫, রান-৬৪৮৫, গড়-৬৪.২০
জস বাটলার-ইংল্যান্ড, ম্যাচ-১১২, রান ৩৮৭৩, গড়-৪০.৮৮
মহেন্দ্র সিং ধোনি-ভারত, ম্যাচ-১৯৬, রান-৫৬৪০, গড়- ৫০.৩৫
সাকিব আল হাসান-বাংলাদেশ, ম্যাচ-১৩১, রান-৪২৭৬, গড়-৩৮.৮৭, উইকেট-১৭৭, গড়-৩০.১৫
লাসিথ মালিঙ্গা-শ্রীলঙ্কা, ম্যাচ- ১৬২, উইকেট-২৪৮. গড়- ২৮.৭৪
মিচেল স্টার্ক-অস্ট্রেলিয়া, ম্যাচ- ৮৫, উইকেট-১৭২, গড়-২০.৯৯
ট্রেন্ট বোল্ট- নিউজিল্যান্ড, ম্যাচ-৮৯, উইকেট-১৬৪, গড়-২৫.০৬
ডেল স্টেইন-দক্ষিণ আফ্রিকা, ম্যাচ-৯০, উইকেট-১৪৫, গড়-২৪.৮০।

স্পোর্টস ডেস্ক