হাইডেলবার্গের সিমেন্ট উৎপাদন করবে অলিম্পিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের সিমেন্ট উৎপাদন করবে অলিম্পিক সিমেন্ট লিমিটেড। বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্টের কারখানায় এ উৎপাদন কার্যক্রম চলবে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করছে হাইডেলবার্গ সিমেন্ট। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসইকে কোম্পানিটি জানায়, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের পরিচালনা পর্ষদ এরই মধ্যে অলিম্পিক সিমেন্টের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে। চুক্তি মতে, হাইডেলবার্গ সিমেন্টের সরবরাহ করা কাঁচামাল ও প্যাকেটজাত করার উপকরণ ব্যবহার করে অলিম্পিক সিমেন্ট উৎপাদন করবে। এ ক্ষেত্রে হাইডেলবার্গের নির্ধারিত গুণগত মান এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে। কোম্পানিটির উৎপাদন ও পরিচালন কার্যক্রমে নমনীয়তা বাড়ানো এবং ব্যবসায়িক চাহিদা পূরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে ছয় মাস। উভয় পক্ষের সম্মতিতে পরে এই সময় বাড়ানোর সুযোগ থাকবে।

নিজস্ব প্রতিবেদক