বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদনকে স্বাগত জানাল ডিবিএ
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবগুলো পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বিনিয়োগকারী ও পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় এ ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা করে ডিবিএ জানান, পূর্বে বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এ প্রেক্ষাপটে গত ২০ জুলাই ডিবিএ এসব বিও হিসাব চালুর বিযয়ে বিএসইসির চেয়ারম্যানকে লিখিত এক আবেদন করেছিলেন।
আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থা বা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়। ডিবিএর এ আবেদন গুরুত্বসহকারে ও সুবিবেচনার সঙ্গে বিবেচনা করে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় সংগঠনটির এই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ডিবিএ বিশ্বাস করে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে পুঁজিবাজারে তারল্য প্রবাহ ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং বাজারের প্রতি তাদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে পুনরায় স্বাভাবিক ও সক্রিয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ফিরে পাবে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারের কার্যকর অংশগ্রহণ ও গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
ডিবিএ দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের গৃহীত পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে এবং প্রয়োজনীয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক