ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড
গ্রিন বন্ড ইস্যু করে এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক। এটি জিরো-কুপন বন্ড।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ব্র্যাক ব্যাংকের এই বন্ডের মেয়াদ হবে ৩ বছর। মেয়াদ শেষে এটি সম্পূর্ণভাবে অবসায়িত হবে। বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরযোগ্য নয়। এটি আনসিকিউরড বন্ড অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত থাকবে না। বন্ডটি সম্ভাব্য ডিসকাউন্টের হার আট দশমিক ৫০ শতাংশ।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত দর ১০ লাখ টাকা।
বন্ডটির ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্র্যাক ব্যাংক তার যোগ্য গ্রাহকদেরকে সাশ্রয়ী সুদে সবুজ অর্থায়ন করবে। বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে আইডিএলসি ইনভেস্টমেন্ট পিএলসি। বন্ডটি দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত করা হবে।

নিজস্ব প্রতিবেদক