সূচকের পতনে ৫৭ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাত পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। গতকাল রোববার তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন বেড়ে এদিন ৭৪৬ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৬০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বিক্রয়ের চাপ বেড়ে যাওয়ায় সূচকটি পরে পতনে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৬ দশমিক ৮৮ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫২৫ দশমিক ৮৬ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক এক দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৯৭ দশমিক ৯৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১০০ দশমিক ১৮ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। গতকাল রোববার লেনদেন হয়েছিল ৭২৭ কোটি ৪০ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৭ হাজার ৫৩৫ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৮ হাজার ৪১৯ কোটি ৭৫ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২২৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ৩৯ কোটি ৭২ লাখ টাকা, মাকের্ন্টাইল ইন্স্যুরেন্সের ১৯ কোটি ২৬ লাখ টাকা, এনভয় টেক্সটাইলসের ১৮ কোটি সাত লাখ টাকা এবং বেক্সিমকো ফার্মার ১৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৭১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক