ডিএসইতে বস্ত্র খাতে লেনদেন ২৫ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। গেল সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ৩০ শতাংশ একাই করেছে এই খাতটি। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে সাধারণ বিমা খাত ও ওষুধ রসায়ন। এই তিন খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ৪৭ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে দুই হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫১৭ কোটি ৭১ লাখ টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১২টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বস্ত্র, সাধারণ বিমা ও ওষুধ রসায়ন এই তিন খাতের ১৩৫টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ৮৮ কোটি ৭২ লাখ টাকা। বাকি ১৮টি খাতের ২৭৭টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ১৯৮ কোটি ১৩ লাখ টাকা।
শীর্ষ অবস্থানে থাকা বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৮৭ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১৪৪ কোটি ৪৬ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ৩০ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা সাধারণ বিমা খাতের ৪৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১১ দশমিক ৭০ শতাংশ। লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা ওষুধ রসায়ন খাতের ৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১০ দশমিক ৬৭ শতাংশ।
অন্যান্য খাতের মধ্যে ব্যাংক খাতে ৯ দশমিক ৯১ শতাংশ, প্রকৌশল খাতে আট দশমিক ৯৫ শতাংশ, বিবিধ খাতে পাঁচ দশমিক ২০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে চার দশমিক ৭৭ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে তিন দশমিক ৭২ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে তিন দশমিক ৪৩ শতাংশ, সেবা আবাসন খাতে তিন দশমিক ৩৯ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক খাতে দুই দশমিক ৮৩ শতাংশ, আইটি খাতে দুই দশমিক ৫৯ শতাংশ, জীবন বিমা খাতে দুই দশমিক ৫৬ শতাংশ, সিমেন্ট খাতে এক দশমিক ৩১ শতাংশ এবং সিরামিক খাতে এক দশমিক ২৬ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে চামড়া খাতে শূন্য দশমিক ৮৩ শতাংশ, টেলিকম খাতে শূন্য দশমিক ৮৩ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে শূন্য দশমিক ৮১ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৭৪ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ৩৪ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য এক শতাংশ লেনদেন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক