ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমল
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১০ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।
গতকাল রোববার (৯ আগস্ট) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৩৯৩ কোটি টাকা। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে লেনদেন কমে এদিন ৯০০ কোটি টাকায় ঘরে চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর সব সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ৫৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৪৪ দশমিক ৮৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৮৫ দশমিক ৮৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৭৪ দশমিক ৬৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ পাঁচ হাজার ৪৯৬ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ তিন হাজার ১০২ কোটি ২০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১২৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এমএল ডায়িংয়ের ২৯ কোটি ছয় লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৩ কোটি ১১ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২২ কোটি তিন লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের ২১ কোটি ৭৭ লাখ টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক