৭৬ মিনিটে লেনদেন ৫৩১ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (৬ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৭৬ মিনিট বা সকাল ১১টা ১৬ মিনিটে ডিএসইতে ৫৩১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৭৬ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩০ দশমিক ২৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮১৭ দশমিক ৬৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৯৫ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৪ দশমিক ৫৫ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ড্রাগন সোয়েটারের ২৮ কোটি ১০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৭ কোটি ৭৭ লাখ টাকা, সী পার্ল বিচের ১৭ কোটি ৭৫ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ২০ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ১৪ কোটি ১০ লাখ টাকা, বেক্সিমকোর ১২ কোটি ৫৪ লাখ টাকা এবং আইটিসির আট কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক