সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেন বেড়ে এদিন এক হাজার ১১০ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি বাড়ে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। পরে সূচকের উত্থান আরও বাড়ে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৩৫ দশমিক ৯৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৫২ দশমিক ৮৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক তিন দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৪৩ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৩১ দশমিক ১৫ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৯০ হাজার ৮৬৭ কোটি ৮৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৬৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ৩৫ কোটি ৫৪ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ৩২ কোটি ৩৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ৩১ কোটি ২৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি সাত লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৮ কোটি ৬২ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৫ কোটি ৬৮ লাখ টাকা, বিডি থাইয়ের ২২ কোটি ৪০ লখ টাকা, এনসিসি ব্যাংকের ১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক