পতনে সূচকসহ লেনদেন, কমেছে ৬৫ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ রোববার (১৭ মে) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেন কমে এদিন ৭২৬ কোটি টাকায় নেমে এসেছে। গত বৃহস্পতিবারের (১৪ মে) তুলনায় আজ বাজারে মূলধন কমেছে ৯৭৭ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচক পতনে আসে। আজ লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স কমেছে চার পয়েন্ট। পরে সূচকটির পতন বাড়ে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের কমেছে ২৩ দশমিক শূন্য সাত পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২০৩ দশমিক ১১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৫৬ দশমিক ৫৬ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক দুই দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৬৮ দশমিক ৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৬ কোটি আট লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৩২৯ কোটি ৮৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৩০৭ কোটি ৩৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি আট লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ১৭ কোটি চার লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৭২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৬ কোটি ৪১ লাখ টাকা, আরডি ফুডের ১৪ কোটি ৭২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৩ কোটি ২০ লাখ টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৬২ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১১ কোটি ৯০ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ১১ কোটি ৬০ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ৪৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৯২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক