৫০ শতাংশ বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর
পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের দুর্বল বা জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ার দর গত সপ্তাহে ৫০ শতাংশ বেড়েছে। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারের সমাপনী দর ছিল তিন টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (৫ মার্চ) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল দুই টাকা ২০ পয়সা।
এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে এক টাকা ৩০ পয়সা বা ৫০ শতাংশ। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে ৭৩ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ৮১২ টাকা, যা আগের সপ্তাহের ৫ মার্চ ছিল ৪৮ কোটি ৭৯ লাখ ৮২ হাজার ৫৪১ টাকা। এক সপ্তাহের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে ২৪ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ২৭১ টাকা।
কোম্পানির তথ্য মতে, গত বছরের (২০২৫ সাল) তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা। আগের বছরের (২০২৪ সাল) তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা পাঁচ পয়সা। গত বছরের তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ছয় টাকা ৭১ পয়সা। আগের বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান ছিল দুই টাকা ৮৬ পয়সা। গত তিন প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ সমন্বিত দুই টাকা ২৭ পয়সা। আলোচিত তিন প্রান্তিক শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ২১৯ টাকা তিন পয়সা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। জেড ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৪১ দশমিক ৫৫ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৬ দশমিক ৫৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তাহে দর বাড়ার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে পিপলস লিজিং (জেড ক্যাটাগরি)। কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৫০ শতাংশ। ওই তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের (জেড ক্যাটাগরি) ৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের (জেড ক্যাটাগরি) ৫০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের (জেড ক্যাটাগরি) ৪২ দশমিক ৩১ শতাংশ, ফ্যামিলি টেক্সের (জেড ক্যাটাগরি) ২৭ দশমিক ৫৯ শতাংশ, এইচ আর টেক্সের (জেড ক্যাটাগরি) ২৫ শতাংশ, মেঘনা কনফিডেন্ডস মিল্কের (জেড ক্যাটাগরি) ২৩ দশমিক ৬১ শতাংশ, মেঘনা পেটের (জেড ক্যাটাগরি) ২২ দশমিক ৯২ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের (জেড ক্যাটাগরি) ১৭ দশমিক ৩৯ শতাংশের দর বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক