৬২ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবারে (২৯ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমে ২০ পয়েন্ট। গতকাল বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন ৫৫০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম মিনিটেই সূচক ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২০ পয়েন্ট। এরপর সূচকটি উত্থান থেকে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে ডিএসইএক্স পতন হয় সাত দশমিক ৪১ পয়েন্ট। পরে সূচকটির পতন আরও বাড়ে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৫৪ দশমিক ৩০ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক চার দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৩৪ দশমিক ৪৮ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক সাত দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৮৬ দশমিক ৫৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৫ হাজার ৮১ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৯৬ হাজার ৮১৮ কোটি ৩২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৪৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— স্কয়ার ফার্মার ১৮ কোটি ৫০ লাখ টাকা, সিমটেক্সের ১৭ কোটি ৭৭ লাখ টাকা, পদ্মা অয়েলের ১৪ কোটি ৮৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৯৮ লাখ টাকা, ইবনে সিনার ১০ কোটি ২২ লাখ টাকা, খান ব্রাদার্সের সাত কোটি ৮৩ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সাত কোটি ৭৫ লাখ টাকা, এডিএন টেলিকমের সাত কোটি ৫৩ লাখ টাকা এবং ট্রাস্ট ব্যাংকের সাত কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক