৫৬ মিনিটে লেনদেন ১২৭ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শুরুর প্রথম ৫৬ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৫৬ মিনিটে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। পরে উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৫৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ২৫ দশমিক ৯৪ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯০০ দশমিক ৪৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৯ দশমিক ৪৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ দশমিক ৭০ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫২টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সিমটেক্সের ১৩ কোটি ৭৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ কোটি ৩০ লাখ টাকা, রহিমটেক্সের আট কোটি ১৯ লাখ টাকা, সায়হাম কটনের সাত কোটি ২৪ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের তিন কোটি ৬৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের তিন কোটি ৪০ লাখ টাকা, রহিমা ফুডের তিন কোটি দুই লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের তিন কোটি টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের দুই কোটি ৭৭ লাখ টাকা এবং মুন্নু এ্যাগোর দুই কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক