৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরে পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে আজ রোববারের (১৪ ডিসেম্বর) লেনদেন। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩১ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেনও কমে ৪৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আজ লেনদেন শুরুর প্রথম সাত মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৩০ দশমিক ৮৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯৩২ দশমিক ৯৬ পয়েন্টে।
ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৮ দশমিক শূন্য এক পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯১ দশমিক ৪৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৫৯৩ কোটি ৪৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি ২২ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৪৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৬৪ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ১২ কোটি ৪৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ২৮ লাখ টাকা, ফাইন ফুডসের ৯ কোটি ৮৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৪৩ লাখ এবং একমি পেস্টিসাইডসের আট কোটি ৮২ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে জিল বাংলা সুগারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক