সূচকের পতন, পাঁচ মাস ২২ দিনের সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (৭ ডিসেম্বর)। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিন ২৬৭ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গত পাঁচ মাস ২২ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন এটি।
আজ লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ১৩ দশমিক ৯২ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৮৭২ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ দশমিক ১১ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। গত ১৫ জুন লেনদেন হয়েছিল ২৬৩ কোটি দুই লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৯৮৩ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি দুই লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২০৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি এক লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্সের ১১ কোটি ৫৩ লাখ টাকা, ডমিনেজ স্টিলের আট কোটি ৮৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের সাত কোটি ৮৪ লাখ টাকা, বিডি থাইয়ের সাত কোটি ৫৫ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ছয় কোটি ১৩ লাখ টাকা এবং সিমটেক্সের পাঁচ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৫৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক