ডিএসইতে মূলধন কমল ৭৩৭১ কোটি টাকা, ৭৯ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করলো গত সপ্তাহ (৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর)। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ২২ শতাংশ। ডিএসইতে মূলধন কমেছে সাত হাজার ৩৭১ কোটি টাকা। সপ্তাহটিতে ৭৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ (২৩ থেকে ২৭ নভেম্বর)) থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ কমেছে ৫৬৯ কোটি ২৭ লাখ টাকা বা ২১ দশমিক ৬৪ শতাংশ। এসসময় ডিএসইতে মূলধনের পরিমাণ কমেছে সাত হাজার ৩৭১ কোটি ৩৬ টাকা বা এক দশমিক শূন্য সাত শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৫৭ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪১১ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫২৫ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা। গত বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৪ হাজার ৭৬০ কোটি দুই লাখ ৩০ হাজার টাকায়। আগের সপ্তাহের ২৭ নভেম্বর এই মূলধন ছিল ছয় লাখ ৯২ হাজার ১৩৩ কোটি ৩৮ লাখ টাকায়। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির, দর কমেছে ৩২৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির। লেনদেন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার।
এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়ায় চার হাজার ৮৮৬ দশমিক ৫৭ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৪২ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৮৯১ দশমিক ৬৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩২ দশমিক শূন্য ছয় পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ২৪ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক ১৯ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়ায় ৮২৮ দশমিক ৪৯ পয়েন্টে।

নিজস্ব প্রতিবেদক