অস্ট্রেলিয়ায় আবাসন বাজারে বড় ধাক্কা, শীতেই গড় বাড়ির মূল্য কমেছে ৪০ হাজার ডলার
অস্ট্রেলিয়ার আবাসন বাজারে টানা পঞ্চম মাসের মতো মূল্যপতনের চিত্র দেখা যাচ্ছে। দেশটির রাজধানী শহরগুলোর প্রায় ৯৩ শতাংশ আবাসিক সম্পত্তির মূল্য কমেছে। শীতকালজুড়ে গড় বাড়ির মূল্য থেকে প্রায় ৪০ হাজার অস্ট্রেলিয়ান ডলার হারিয়ে গেছে।
সম্পত্তি বাজারের তথ্য অনুযায়ী, বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যপতন হয়েছে সিডনিতে। সেখানে বাড়ির দাম কমেছে প্রায় ১ দশমিক ৪ শতাংশ। এরপর মেলবোর্নে ১ দশমিক ১ শতাংশ এবং ব্রিসবেনে ১ শতাংশ মূল্য কমেছে।
CoreLogic-এর পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে সিডনির আবাসন বাজার গত চার দশকের মধ্যে অন্যতম বড় সংশোধনের মুখে পড়তে পারে।
এদিকে বাড়ির মালিক ও বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়াচ্ছে সুদের হার নিয়ে অনিশ্চয়তা। চলতি মাসের শেষদিকে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বোর্ড বৈঠককে সামনে রেখে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে। সুদের হার বাড়লে মর্টগেজ পরিশোধের চাপ আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবাসন বাজারে ক্রেতাদের সক্ষমতা ও চাহিদার ওপরও প্রভাব পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ অস্ট্রেলিয়ার সম্পত্তি বাজারের আগামী দিনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাশেদ শ্রাবন, অস্ট্রেলিয়া