যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন শাহাব সাগর
যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেয়েছেন শাহাব উদ্দিন সাগর। দেশটিতে কমিউনিটি সেবায় অবদান রাখায় ১২ জনকে এই সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস অব হোপ কমিউনিটি আউটরিচ। সংস্থার প্রধান চ্যাপ্লেন কিম থমাস শাহাব উদ্দিন সাগরের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
১২ মাস সময়কালে সম্পন্ন করা যাচাইকৃত সমাজসেবামূলক কাজের ঘণ্টার ভিত্তিতে ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে এই সম্মাননা প্রদান করে হ্যান্ডস অব হোপ কমিউনিটি আউটরিচ। নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক ও কমিউনিটি এক্টিভিস্ট শাহাব উদ্দিন সাগর এবার অ্যাওয়ার্ড পাওয়া ১২ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি।
নিউইয়র্কে ব্রুকলিনের একটি চার্চের ব্যাঙ্কুয়েট হলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
শাহাব উদ্দিন সাগর এক প্রতিক্রিয়ায় জানান, হ্যান্ডস অফ হোপ কমিউনিটি আউটরিচের ন্যাশনাল সার্ভিস অনার গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি। এই অসাধারণ সম্মানের জন্য আমি আন্তরিকভাবে সংগঠন, পরিকল্পনা কমিটি এবং চ্যাপ্লেন কিম থমাসকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আমার দৃঢ বিশ্বাস, আমরা যখন একসঙ্গে মানবসেবায় এগিয়ে আসি, তখন আমাদের ভিন্নতাই আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্বশীলভাবে মানুষের সেবা করে যাওয়ার অনুপ্রেরণা দেবে।

এনটিভি অনলাইন ডেস্ক