মালয়েশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম অনুষ্ঠিত
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মালয়েশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ক্লাং চায়নিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিসিআই) সদর দপ্তরে এ ফোরাম অনুষ্ঠিত হয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদের নেতৃত্বে ৩৮ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল এতে অংশ নেয়।
অনুষ্ঠানে কেসিসিসিআইয়ের সভাপতি দাতো জেফরি তান, এসএমই কর্প মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো তেং চ্যাং খিমসহ ক্লাংয়ের প্রায় ৪০ ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফোরামে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও নতুন ব্যবসায়িক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশকে মালয়েশিয়ার জন্য বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন ও প্রযুক্তি সহযোগিতার সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরেন।
এ সময় ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ ও সিনিয়র সহসভাপতি রাজীব এইচ চৌধুরী বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন।
ফোরামে কেসিসিসিআই ও ডিসিসিআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
পরে অনুষ্ঠিত ব্যবসায়িক সংযোগ পর্বে বাংলাদেশি ও মালয়েশীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি, অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া