জবি উপাচার্যের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার চেষ্টা, সতর্ক করল প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্ দীনের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে জবি শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্ দীনের নাম, ছবি ও পদবি ব্যবহার করে বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এক বা একাধিক ভুয়া ও অননুমোদিত অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।
এতে আরও বলা হয়, এ ধরনের কোনো ভুয়া অ্যাকাউন্ট কিংবা অপরিচিত নম্বর থেকে উপাচার্যের পরিচয় দিয়ে কোনো বার্তা, ফোনকল বা অনুরোধ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। যথাযথভাবে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রদান, আর্থিক লেনদেন কিংবা যেকোনো অনুরোধে সাড়া না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভুয়া ও অননুমোদিত অ্যাকাউন্টের সঙ্গে উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এনটিভি অনলাইন ডেস্ক