আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট
ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এই গৌরব অর্জন করেন।
তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’।
কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দেশের গবেষক অংশগ্রহণ করেন।
সম্মেলনে ১৪টি দেশের গবেষকবৃন্দের মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়।
গবেষণাপত্র গ্রহণের হার ছিল মাত্র প্রায় ২৮ শতাংশ। দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
গত শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Applied Materials Inc-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া।
তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে এআই-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)